
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ায় ভ্রমণপিপাসু হাজারো দর্শনার্থীরা গিয়ে ভিড় করছেন। প্রতিদিন জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার দর্শনার্থীরা নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর মনোমুগ্ধকর বাসুলিয়ায় বেড়াতে আসেন। তবে বেড়াতে আসা ৭০ ভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। তারা মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। এতে করে করোনাভাইরাসের সংক্রমণ আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।


জানা যায়, জেলার বাসাইল পৌর শহর থেকে সখীপুর যাওয়ার সময় ডান দিকে চোখে পড়ে বিশাল চাপড়া বিল। এর পূর্ব-দক্ষিণাংশে দাঁড়িয়ে আছে ভাসমান হিজল গাছ। চারদিকে পানি থৈ থৈ করছে। এক সময় এই জায়গাকে ঢাকার আশুলিয়া বাঁধের দক্ষিণে জল-হাওয়ার সঙ্গে তুলনা করতেন। তখনই চাপড়া বিলের কিনারাকে ‘বাসুলিয়া’ নামে ডাকা হয়। সেই থেকে সময়ের পরিবর্তনে লোকমুখে স্থানটি ‘বাসুলিয়া’ নামে পরিচিতি পায়। এখানকার মনোরম পরিবেশে সময় কাটাতে বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা পরিবার-পরিজন নিয়ে আসে। তবে সব চেয়ে প্রতি শুক্রবার দর্শনার্থীদের সমাগম হয় বেশি।

সরেজমিনে গিয়ে দেখা যায়- বাসুলিয়ার দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। সড়কের কিনারায় রয়েছে সারিবন্ধভাবে নৌকা। দর্শনার্থীরা নৌকা ভাড়া করে ভাসমান হিজল গাছ ও বিলের বিভিন্ন পয়েন্টে ঘুরে বেড়াচ্ছেন। সড়কের কিনারা ছাড়াও বিলের থৈ থৈ পানিতে নৌকা নিয়ে বিভিন্ন ব্যক্তি খাবার বিক্রি করছেন।
এদিকে বাসুলিয়ায় আসা বেশির ভাগ মানুষ মুখে মাস্ক ব্যবহার ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। সেখানে সামাজিক দূরত্ব মানছে না কেউ। গাদাগাদি করে দর্শনার্থীরা নৌকায় ওঠছে। এছাড়াও বিভিন্ন ইঞ্জিনচালিত নৌকায় করে দর্শনার্থীরা একত্রিত হয়ে সাউন্ড সিস্টেম বাজিয়ে নাচানাচি করছে। এতে করে করোনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, ‘বাসুলিয়ায় অনেক দর্শনার্থীদের সমাগম হচ্ছে। কেউ সামাজিক দূরত্ব মানছেন না। আবার কেউ মাস্কও পরছেন না। এতে করে এ উপজেলাসহ পুরো জেলায় আরও করোনাভাইরাস সংক্রমণ হতে পারে।’ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘বাসুলিয়ায় অনেক দর্শনার্থীদের সমাগম হয়। সেখানে সাস্ব্যবিধির ওপর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মাইকিং করা হয়। দর্শনার্থীদের নিরাপত্তার ব্যাপারে নিয়মিত পুলিশ টহলও রয়েছে।’
…বাসাইলসংবাদ/ ১৯ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




