
বাসাইল সংবাদ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
বাসাইলে সনাতনী ধর্ম হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার ৪৩টি মন্ডপের পাহাড়ায় ৩শ ৯৬ জন। এর মধ্যে রয়েছে আনসার ২শ ৬৭, গ্রাম পুলিশ ৮৬ ও পুলিশ ৪৩ জন। এছাড়াও পুলিশের এবং র্যাবের বিশেষ টিম সার্বক্ষণিক টহল দিবে বলে পুলিশ জানায়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর শুক্রবার দেবীর মহা-ষষ্ঠী পূজা ও দেবীর আমন্ত্রণ অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামীকাল ৮ অক্টোবর শনিবার দেবীর মহাসপ্তমী, ৯ অক্টোবর রবিবার মহাষ্টমী, ১০ অক্টোবর সোমবার মহানবমী, ১১ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী, শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব। উপজেলায় এবার ৬টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ৪৩টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার ও সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন বলেন, বাসাইল পৌরসভাসহ উপজেলার ৪৩টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা শুরু হয়েছে। পূজা মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি থাকার কারণে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশা করছি।
বাসাইল থানার ওসি মোঃ নরুল ইসলাম খান বলেন, উপজেলায় ৪৩টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপগুলোতে ৩শ ৯৬জন আনসার, গ্রামপুলিশ ও পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ এবং র্যাবের টহল অব্যাহত থাকবে।
বাসাইল সংবাদ/একে




