
নিজস্ব প্রতিবেদক : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করতে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির বাসাইল জোনাল অফিসে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাসাইল জোনাল অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাসাইল জোনাল অফিসের ডিজিএম মো. মহিউদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন বাসাইল জোনাল অফিসের এজিএম মো. তাজুল ইসলাম, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের পিউসি আশরাফুল ইসলাম, ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর রবিউল আলম, ওয়্যারিং ইন্সপেক্টর মো. ইব্রাহিমসহ ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় স্থানীয় পর্যায়ে সৌরভিত্তিক সোলার সিস্টেম স্থাপনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থার সুবিধা, ভবনের ছাদ ভাড়া দিয়ে আয় করার সুযোগ, সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুবিধা এবং আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী, আগ্রহী উদ্যোক্তা, কন্ট্রাক্টর, এসএমই উদ্যোক্তা, ভিলেজ ইলেকট্রিশিয়ান, প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সোলার সিস্টেম স্থাপন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারীরা সোলার সিস্টেম স্থাপন, নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বাসাইলসংবাদ, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন





