
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকায় ঝিনাই নদীর পাড় থেকে বেশ কিছুদিন ধরে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩)এর ৪(ক)১৫ ধারায় ১টি মামলায় কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মজিদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ঝিনাই নদীর পাড় থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছে একটি মহল। এমন খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
বাসাইলসংবাদ, ১২ এপ্রিল, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






