
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে ব্রিফ করে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজ মূলত বন্যা নিয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে। বন্যা নিয়ে যাতে আমরা সবাই প্রস্তুত থাকি। আমরা আজকে দেখলাম পদ্মার পানি ১৬ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির স্পিডটা অনেক বেশি, মোর দেন থ্রি (তিনের চেয়ে বেশি)। পানির সঙ্গে পলি মাটি রয়েছে।’
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘উপর থেকে পানি এখন ধীরে ধীরে নিচের দিকে নামছে। মন্ত্রিসভায় অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে যে, রিলিফ অপারেশন, রেসকিউ অপারেশন-এগুলো কীভাবে হচ্ছে, এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মেইনলি এখন যমুনা ও পদ্মার পানি আসছে। মেঘনার পানি সুনামগঞ্জ-সিলেটে যেটা ছিল সেটা একটা ফ্ল্যাস ফ্লাডের মতো ছিল ৬-৭ দিন, এখন সেটা নেমে গেছে।’
প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে খন্দকার আনোয়ারুল বলেন, ‘যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, যাতে ত্রাণের কোনো ঘাটতি না হয়। মানুষের জীবন-জীবিকা ও খাওয়া-দাওয়ার যাতে কোনো অসুবিধা না হয়। টয়লেট ফ্যাসিলিটিজ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট- এগুলো যাতে এভেইলএবেল থাকে। হেলথ, ফ্যামিলি প্ল্যানিং সবাইকে ইন্সট্রাকশন দেয়া আছে। ইউনিয়ন লেভেলে তাদের যারা কাজ করে, তারা যাতে মানুষের পাশে থাকে।’
…বাসাইলসংবাদ/ ২০ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




