
বাসাইল সংবাদ: বুধবার, ০২ নভেম্বর, ২০১৬:

আব্দুল লতিফ, ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি: ঘাটাইল একটি বড় উপজেলা। এখানে পেনশনভোগীদের সংখ্যাও অনেক। পেনশনের টাকা তুলতে এই সিনিয়র সিটিজেনদের মাসে তিন দিন (কখনো বা বেশী) উপজেলা হিসাবরক্ষণ অফিসের সামনে সকাল-সন্ধ্যা অপেক্ষা করতে হয়।
সারাদিন তাঁরা এদিক-সেদিক ঘুরে-ফিরে ক্লান্ত সময় ব্যয় করেন। গাছ তলায় বসে থাকেন কিংবা হিসাবরক্ষণ অফিসের বারান্দায় ছোট্ট বেঞ্চে বসে সময় কাটান। পানির পিপাসা, ক্লান্তি, অপেক্ষায় তাঁরা দিন কাটান। ওয়াশরুম সুবিধাও ছিল না।
এরপর মাননীয় মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের টাঙ্গাইল জেলা সফরের পর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মতে আমরা পাবলিক সার্ভিস ইনোভেশন বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করি। আমরা সব দপ্তরের কর্মকর্তাগণ উপজেলা ইনোভেশন কমিটির সভায় মিলিত হয়ে একটি অফিসের জন্য একটি ইনোভেটিভ আইডিয়া (One Office One Idea) নির্ধারণ করি। আর উপজেলা হিসাবরক্ষণ অফিসের আইডিয়া ছিল “পেনশনারদের জন্য বিশ্রামাগার” ব্যবস্থাকরণ।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন বলেন, ঘাটাইল উপজেলায় উপজেলা পরিষদের জন্য নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। আছে নতুন অডিটরিয়াম। পুরাতন ভবনের পুরাতন অডিটরিয়ামটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল। অডিটরিয়াম হিসাবরক্ষণ অফিস সংলগ্ন। পরিত্যাক্ত অবস্থায় তালাবদ্ধভাবে পড়ে ছিল একটি ওয়াশরুম। আমরা পুরাতন অডিটরিয়ামটি সংস্কারের ব্যবস্থা গ্রহন করি। প্রয়োজনীয় চুন-কাম এবং রং করা হয়।
তিনি আরও বলেন, বেশ কয়েকটি নতুন এবং পুরাতন বৈদ্যুতিক সিলিং পাখা স্থাপন করা হয়। প্রয়োজনীয় সংখ্যক বৈদ্যুতিক বাতি সংযোজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনে ১০০টি নতুন চেয়ার অব্যবহৃত অবস্থায় সংরক্ষিত ছিল। আমরা সেগুলো ঐ অডিটরিয়ামে স্থাপন করি। খাবার পানির জন্য ওয়াটার ফিল্টার-এর ব্যবস্থা করা হয়। সংবাদপত্র-এর জন্য স্ট্যান্ড, সেলফসহ বই/ম্যাগাজিন-এর ব্যবস্থা করা হয়েছে।এর পাশপাশি পুরাতন ওয়াশরুমটি প্রয়োজনীয় সংস্কার করে ব্যবহার উপযোগী করা হয়েছে।
তাছাড়াও মেডিক্যাল চেক-আপ-এর জন্য উপজেলা হেল্থ কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় বেডসহ প্রাথমিক চিকিৎসা (যেমন: ব্লাড প্রেসার পরীক্ষা/পালস পরীক্ষা/জরুরী চিকিৎসা/ফাস্ট এইড)এবং Health Card বিতরণ নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসক ও সেবিকাদের ডিউটি বন্টন করা হয়েছে। তাছাড়া উপজেলা পরিষদের একজন অফিস সহায়ক সারাক্ষণ ডিউটিতে নিয়োজিত রয়েছেন। তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যত পরিকল্পনায় রয়েছে টেলিভিশন সুবিধা ও ইনডোর খেলাধুলা (লুডু, দাবা, ক্যারম ইত্যাদি)-এর ব্যবস্থাকরণ। আর এসবের অর্থায়নে রয়েছে উপজেলা পরিষদ, ঘাটাইল, টাঙ্গাইল।
পেনশনভোগীরা বলেন, আমাদের পেনশনাদীদের জন্য যে সুন্দর ব্যবস্থা হয়ছে এতে আমাদের আগের দূর্ভোগ কেটে গেছে ও আমাদের অনেক সুযোগ সুবিধা হয়ছে।
বাসাইল সংবাদ/একে




