
ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন নিয়ে ২০২১ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে উড়িয়ে এনেছিল ফরাসি ক্লাব পিএসজি। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে এই দুই আসরে শেষ ষোলো থেকেই বাদ পড়তে হয় ক্লাবটিকে। প্রথমবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং এই মৌসুমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

চুক্তির মেয়াদের দুই বছর পর ফরাসি ক্লাবটিতে আর না খেলার সিদ্ধান্ত নেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। যোগ দেন ইন্টার মায়ামিতে। গণমাধ্যমে অনেকবারই উঠে এসেছে, ক্লাবটিতে সুখে ছিলেন না মেসি। ক্লাবটির সমর্থকদের তোপের মুখেও পড়েছেন একাধিকবার। পিএসজিতে মেসি থাকাকালীন আরও একটি চর্চিত বিষয় হচ্ছে মেসি এবং কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক। বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন পিএসজিতে মেসি-এমবাপ্পের সতীর্থ ও স্প্যানিশ তারকা আন্দের হেরেরা।
টিওয়াইসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে হেরেরা বলেন, ‘আপনার কাছে যদি লিও (মেসি) থাকে, অন্য সব খেলোয়াড়রা তার একধাপ পেছনে, এমনকি এমবাপ্পেও।… মেসি-এমবাপ্পের মধ্যে দ্বন্দ্ব ছিল এটি একটি মিথ্যা কথা। আমি বুঝি না কেন এমন সাংবাদিকতা।’
মেসির প্রশংসা করে হেরেরা বলেন, ‘সতীর্থ হিসেবে মেসি আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। খেলোয়াড় হিসেবে তার অনেক প্রশংসা করেছি। সতীর্থ এবং ব্যক্তি হিসেবে আমি আরও বেশি প্রশংসা করি তার। কারো সঙ্গেই তার খারাপ সম্পর্ক ছিল না। তার সঙ্গে সম্পর্ক রাখার সুযোগ এবং ডিনারে যাওয়ার সুযোগ আমার হয়েছে। তার সন্তান এবং পরিবার সবাই সম্মানিত ছিল। সে এমন অনুভব করাবে যে তারা (মেসি এবং পরিবার) সাধারণ মানুষ।’ সাতবারের ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়কে ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরা বলেও সম্বোধন করেন হেরেরা।
ইন্টার মায়ামিতে মেসির যোগদান নিয়ে হেরেরার ভাষ্য, ‘আমি তার জন্য খুবই খুশি। মায়ামি তার এবং পরিবারের জন্য কাঙ্খিত গন্তব্য কারণ ক্লাবটি আর্জেন্টিনার কাছাকাছি।… তার জন্য সৌদি আরবের চেয়ে মায়ামিকেই আমি বেশি ভালো মনে করি। আমার মনে হয়, ইন্টার মায়ামির হয়ে সে ইতিহাস গড়বে। তাকে শুভকামনা জানাই। আমার মনে হয় না বার্সেলোনার কেউ কখনো ভাববে সে ব্যয়যোগ্য। এটি ভাবা অসম্ভব। সে যেখানেই আছে সেখানেই অপরিহার্য।’
বাসাইলসংবাদ, ১০ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




