
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে ভোটারদের আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) রেখে বের করে দেয়ার অভিযোগ উঠেছে নৌকা সমর্থিতদের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মনিরুজ্জামান বকল ( নারিকেল গাছ) ও বিএনপি প্রার্থী এসএমএ ছোবহান (ধানের শীষ) এ অভিযোগ তুলেন। ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজ ৮নং কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা এ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ইভিএম-এ ভোটগ্রহণ শুরু হয়। তবে ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্র শুরু থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। এ কেন্দ্রে বেশ কিছু ভোটারদের ফিঙ্গার রেখে বের করে দেয়ার অভিযোগ উঠে। দফায় দফায় এ কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
আওয়ামী লীগের বিদ্রোবী প্রার্থী মনিরুজ্জামান বকল বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপননের লোকজন আমার এজেন্টদের বের করে দিয়েছে। আর ভোটারদের ফিঙ্গার রেখে তাদের বের করে দিয়ে নৌকা মার্কায় ভোট দিচ্ছে। শুধু এ কেন্দ্রেই না, সব কেন্দ্রের এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ দেয়া হয়েছে।’
বিএনপি প্রার্থী এসএমএ ছোবহান বলেন, ‘ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজে ৮নং কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে ভোটারদের ফিঙ্গার রেখে বের করে দিয়ে নৌকা প্রার্থীর সমর্থিতরা নৌকায় ভোট দিচ্ছে। এখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে না।’
ওই কেন্দ্রের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এজেন্ট রাশেদুজ্জামান লিটন বলেন, ‘আমার সামনেই আওয়ামী লীগের লোকজন নৌকা মার্কায় ভোট দিচ্ছে। বাঁধা দিলে আমাকে তারা বের করে দেয়।’
এ বিষয়ে জানতে ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা সুজন নাথের অফিসে গেলে তার কক্ষটি তালাবদ্ধ পাওয়া যায়। কক্ষের সামনে পাহারায় থাকা আনসার সদস্য বলেন- স্যার বাইরে তালা দিয়ে ভিতরে বসে আছেন। পরে তিনি তালা খুলে দেন। তখন প্রিজাইডিং অফিসার বলেন, এখনও কেউ আমার কাছে অভিযোগ দেয়নি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার বলেন, ‘ভোট সুষ্ঠুভাবে হচ্ছ। আমার কাছে কেউ কোনও অভিযোগ করেনি।’
এদিকে দুপুর ১২টার দিকে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতদের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি সমর্থিত সজল নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/ ১৬ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




