
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে তোফাজ্জল হোসেন (৩২) নামে এক রোগির রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বেলটিয়াবাড়ী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তোফাজ্জল জেলার গোপালপুর উপজেলার মৃত আব্দুল জব্বারের ছেলে।
নিহতের পরিবারের দাবি- তোফাজ্জলকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। অপর দিকে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের দাবি মানসিক সমস্যা থাকার কারনে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের ভাই মো. উজ্জল বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর তোফাজ্জলকে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়। তোফাজ্জলকে কেন্দ্রের দায়িত্বরত ব্যক্তিরা শারীরিকভাবে নির্যাতন করেছে। তাকে শারীরিকভাবে নির্যাতন না করার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। বুধবার সকালে মোবাইল ফোনে খবর আসে তোফাজ্জলের অবস্থা ভালো নয়। পরে আমরা গিয়ে দেখি তার মৃত্যু হয়েছে।’
বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মজিবুর রহমান তপন বলেন, ‘তোফাজ্জল বাথরুমের জানালার গ্রিলের সাথে গামছা দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ফাঁসিতে ঝুলেই তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।’
বাসাইলসংবাদ/ ১৬ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




