
বাসাইলসংবাদ: রোববার, ২২ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে ভূঞাপুরে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য আহাদুল ইসলাম আসিফ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব ১২। শনিবার রাতে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা দেহভরট্ট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। টাঙ্গাইল র্যাব- ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
রোববার (২২ এপ্রিল) প্রেস ব্রিফিং এর মাধ্যমে কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা দেহভরট্ট গ্রামের আজাহার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য আহাদুল ইসলামকে প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন ও ১৫ টি প্রশ্নপত্রের স্ক্রীনশর্টের ছবিসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আহাদুল ইসলাম স্বীকার করে, সে মিথ্যা প্রশ্নপত্র ফাঁস গ্রুপের একজন সক্রিয় সদস্য। সুলতানা মারিন গ্রুপ থেকে সাজেশন এবং প্রশ্নপত্র সংগ্রহ করে টাকার বিনিময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দিবে এ শর্তে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেছে।
বাসাইলসংবাদ/একে




