
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। বুধবার (১৯ মে) টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুরে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন, মির্জাপুরের পাকুল্লাতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন ও ঘাটাইলে ট্রাক চাপায় একজনসহ মোট ছয়জন নিহত হন। পৃথক পাঁচটি ঘটনায় আরও সাত জন আহত হয়েছে।

টাঙ্গাইল সদর :
দুপুরে দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার আশেকপুর বাইপাস সংলগ্ন ইন্দুটিয়া এলাকায় মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অপর সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার যাত্রী দুইজন ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- ভ‚ঞাপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে খন্দকার আফজার হোসেন (৩৮)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এদিকে করটিয়া হাট বাইপাস এলাকায় ঢাকাগামী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে পড়ে যায়। এতে মিনিট্রাকে থাকা দুইজন গুরুতর আহন হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতরা সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিচ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
মির্জাপুর :
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- মাইক্রোবাস চালক হাসান (৩০), হেলপার ইমন (২৫) ও যাত্রী গোলাম মওলা শামীম (২৪)। এ ঘটনায় আহত মাইক্রোবাসের যাত্রী মিমকে (২০) কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালক ও হেলপারের বাড়ী বি-বাড়ীয়া জেলার আখাউড়া এলাকায়। নিহত শামীম ও আহত মিম সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বাড়ী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ভোরে পার্কিং করা ছিল। এসময় ঢাকাগামী অপর একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে পার্কিং করা ছিল। এসময় মাইক্রোবাসটি এসে কাভার্ডভ্যানটির পেছনের ধাক্কা দেয়। এঘটনায় মাইক্রোবাসে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসাইল :
বাসাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৯ মে) সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার করাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা মোজাহের মোল্লার ছেলে। সেলিম রেজা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্য। তিনি পিলখানায় সিপাহী পদে দায়িত্বে ছিলেন। অপর নিহত ব্যক্তির নাম কামরুজ্জামান (২৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. নবিন বলেন, বিকেলে পাবনা থেকে বিজিবি সদস্য সেলিম রেজা ও কামরুজ্জামান নামের দুইজন মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন। এসময় তারা মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে এসে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে সেলিম ও কামরুজ্জামান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সেলিম রেজাকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাতে কামরুজ্জামানেরও মৃত্যু হয়। নিহতদের লাশ মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
ঘাটাইল :
ঘাটাইল উপজেলার হামিদপুরে দুপুরে ট্রাক চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছে। নিহতের পরিচয় সনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
বাসাইলসংবাদ/ ২০ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




