
বাসাইল সংবাদ : শনিবার, ১২ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য জাতীয় যুব সংসদ বাংলাদেশ দেশব্যাপী “বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৭” শুরু করেছে।
এ কর্মসূচীর অংশ হিসাবে ১১ আগস্ট শুক্রবার(১১ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ১টি করে কাঠ বাদাম, বকুল ফুল ও নিমগাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং এর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্তারোপ করে বলেন, বিশেষত জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণ অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশকে সবুজায়ন করতে পারলে আমাদের পরিবেশ ও আবহাওয়ায় অনেকখানি প্রাকৃতিক সুফল বয়ে আনবে। জাতীয় যুব সংসদ বাংলাদেশ দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত রেখে পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইমাম হোসাইন, মোঃ আলীউল আজীম রাজু , আবু বকর ছিদ্দিক মজুমদার, এস আর খান সজীব, আসিফ রিয়াজ, ইমন চৌধুরী, পারভেজ হায়দারসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




