
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : অবশেষে চলেই গেলেন টাঙ্গাইলের মির্জাপুরে করোনায় আক্রান্ত রেনু বেগম (৫৫) নামের সেই বৃদ্ধা। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহতের পরিবার ও আত্মীয় স্বজনের অনুমতি স্বাপেক্ষে বৃদ্ধাকে ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজার বধ্যভূমির নতুন কবরস্থানে দাফন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা বৃদ্ধা রেনু বেগম উপজেলার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম এলাকার মৃত এমারত হোসেনের স্ত্রী। তবে স্বামীর মৃত্যুর পর তিনি উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে তার বাবার বাড়িতেই থাকতেন বলে জানা গেছে। তার একমাত্র ছেলে দেলোয়ার সেনাবাহিনীতে কর্মরত, পেশাগত কারনে অবস্থান করছেন দেশের বাইরে।
প্রসঙ্গত, গত রোববার (২৬ এপ্রিল) করোনায় মৃত্যুবরণ করা এই বৃদ্ধার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। সোমবার (২৭ এপ্রিল) রাতে সংশ্লিষ্টরা জানতে পারে তিনি ওই বৃদ্ধা করোনা আক্রান্ত। এ তথ্য নিশ্চিত হওয়ার প্রায় ১৪ ঘন্টা পর বুধবার (২৮ এপ্রিল) বৃদ্ধাকে অচেতন অবস্থায় প্রথমে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ও পরবর্তীতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে এতটা সময় লাগায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় স্থানীয় ভাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেনসহ অন্যান্যরা।
এছাড়াও স্থানীয়দের অভিযোগ, গত ২৬ এপ্রিল ওই বৃদ্ধার নমুনা সংগ্রহ করার সময় স্বাস্থ্য কর্মীদের সামনে অচেতন হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন ওই বৃদ্ধা। তাই স্বাস্থ্য বিভাগের উচিত ছিলো ওই সময়ই তাকে চিকিৎসা সেবা দেওয়া বা স্বাস্থ্য বিভাগের হেফাজতে নেওয়া।
উল্লেখ্য, উপজেলায় মোট ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করলেন এই বৃদ্ধা। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন অপরজন ঢাকা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
…বাসাইলসংবাদ/ ৩০ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




