
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী অলিদ ইসলামকে দল থেকে অব্যাহতি দেওয়ার দীর্ঘদিন পর অবশেষে তাকে দলীয়ভাবে সাধারণ ক্ষমা করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে ক্ষমা করা হয়।

চিঠিতে বলা হয়- জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়।
আপনার বিরুদ্ধে আনীত সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ স্বীকার করে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোন কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এমতাবস্থায়, গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গণতন্ত্রের ১৭ (৬) এবং ৪৭ (২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা প্রার্থনা করে আপনার প্রেরিত লিখিত আবেদন পর্যালোচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।
উল্লেখ্য, ভবিষ্যতে কোন প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।
বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী অলিদ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকেলে সাধারণ ক্ষমার চিঠি হাতে পেয়েছি। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।
এদিকে, কাজী অলিদ ইসলামকে সাধারণ ক্ষমার চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। এটিকে কেন্দ্র করে কাজী অলিদ ইসলামের কর্মী-সমর্থকদের মাঝে আনন্দ বিরাজ করছে। দীর্ঘদিন পর তার গ্রুপের নেতাকর্মীদের মুখে হাসি ফোটে এসেছে বলে জানা গেছে।
বাসাইলসংবাদ, ২৫ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




