
নিউজ ডেস্ক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের (৭০) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই তথ্য নিশ্চিত করে আজ রবিবার দুপুরে জোয়াহেরুল ইসলামের ছোট ভাই ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ রাতে মরদেহ দেশে আসার কথা রয়েছে। এ কারণে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি।’

প্রবীণ এই আওয়ামী লীগ নেতার পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কলকাতার দমদম এলাকার ফনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে জোয়াহেরুল ইসলামের মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে তার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালের নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রাচ্যের আলিগড়খ্যাত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে তিনি ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এ কারণে তৃণমূলের নেতা-কর্মীদের কাছে তিনি ভিপি জোয়াহের নামেই বেশি পরিচিত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে আত্মগোপন করেন জোয়াহেরুল ইসলাম। গত ১৯ ফেব্রুয়ারি শারীরিক নানা জটিলতা নিয়ে কলকাতার দমদম এলাকার একটি বেসরকারি মেডিকেল সেন্টারে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ২৭ ফেব্রুয়ারি রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
জোয়াহেরুল ইসলামের ছোট ভাই এ কে এম আতিকুর রহমান আতোয়ার, ‘দুই দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থলপথে মরদেহ দেশে আনার চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই মরদেহ গ্রামের বাড়ি পৌঁছাবে। সখীপুরের বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি চলছে।’
সূত্র- আজকের পত্রিকা
বাসাইলসংবাদ, ০১ মার্চ, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






