
অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকো হয়ে উঠছে করোনার নতুন ‘মৃত্যুপুরী’। দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে হাজারেরও বেশি মানুষ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, করোনায় সবচেয়ে বেশি মারা যাওয়া যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দিনে এক হাজারের নিচে নেমে এসেছে। তবে আজ বৃহস্পতিবার মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। এর আগে মেক্সিকোতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৫০১ জন, যা গত সপ্তাহে হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে এ সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।
নতুন ১ হাজার ৯২ জনের মৃত্যুতে মেক্সিকোতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭০০ জনে। দেশটিতে করোনায় আক্রান্তও দিনে দিনে রেকর্ড গড়ছে। গত মঙ্গলবার একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ভেঙে গতকাল বুধবার নতুন করে আরও ৩ হাজার ৯১২ জন আক্রান্ত হয়েছে। এর ফলে দেশটিতে ১ লাখ ১ হাজার ২৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্তের দিক দিয়ে বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় ১৪তম অবস্থানে এসেছে মেক্সিকো।
…বাসাইলসংবাদ/ ০৪ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




