
নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয়বারের মতো ভোটযুদ্ধে নেমেছিলেন মোখলেছুর রহমান। ভেবেছিলেন সাধারণ ভোটাররা হয়তো তাকে আবারও ইউপি সদস্য পদে নির্বাচিত করবেন। কিন্তু তা আর হলো না। তার ভোটের সংখ্যা একেবারেই অবিশ্বাসযোগ্য। তিনি পেয়েছেন মাত্র এক ভোট। এই এক ভোটের হিসেব নিয়েও চলছে নানা সমালোচনা। এই ভোট যদি তার নিজেরই হয়ে থাকে তাহলে স্ত্রীরটা গেলো কই। এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকায়। এমনই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। গত বুধবার (১৫ জুন) সন্ধ্যায় ওই ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম।

জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছাদিঘী গ্রামের সদ্য সাবেক মেম্বার (সদস্য) মোখলেছুর রহমান দ্বিতীয়বারের মতো গত ১৫ জুন নির্বাচনে অংশ নেন। তিনি তালা প্রতীকে ভোটযুদ্ধে নামেন। পোস্টার, মাইকিংসহ বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এরপর ১৫ জুন ভোটগ্রহণ শেষে ফলাফলে তিনি জানতে পারেন মাত্র এক ভোট পেয়েছেন। এ কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ হাজার ১২১টি। এ ওয়ার্ডে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাকরেন। এর মধ্যে মোখলেছুর রহমান মাত্র এক ভোট পাওয়ায় এলাকায় সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে বিষয়টি। এ ওয়ার্ডে মোরগ প্রতীকে কহিনুর ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে, এ ওয়ার্ডে মোখলেছুর রহমানের স্ত্রী, তার বংশের ও শ্বশুরবাড়ির প্রায় ৫০টি ভোট রয়েছে। এই এক ভোট তাকে কে দিয়েছে, বিষয়টি নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষন। অনেকের ধারণা- মোখলেছুর রহমানের নিজের ভোটই এটি। যদি এটা মোখলেছুর রহমানের ভোট হয়, তাহলে তার স্ত্রীর ভোট গেলো কই। এমন প্রশ্ন এখন এলাকায় কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
এক ভোট পাওয়ার ব্যাপারে মোখলেছুর রহমান বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। এজন্য আমি ও আমার স্ত্রীও ভোট দিইনি। হয় তো কেউ ভুলে ভোটটি দিয়েছেন।’
এ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। মোখলেছুর রহমান তালা প্রতীক নিয়ে একটি ভোট পেয়েছেন। শুনেছি- মোখলেছুর রহমান প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিনে। এজন্য তিনি মাত্র এক ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে কহিনুর ইসলাম বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
বাসাইলসংবাদ/ ১৭ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




