
ক্রীড়া ডেস্ক : ২০১৭ সালে টেস্ট মর্যাদা পেলেও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ৬ বছরে মাত্র তিনটি টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। আর ২০০০ সালে স্ট্যাটাস পাওয়া বাংলাদেশের টেস্ট অভিজ্ঞতা ১৩৬ ম্যাচের। সবদিক বিবেচনায়ই এগিয়ে ছিল বাংলাদেশ। জিতেছেও ৭ উইকেটের বড় ব্যবধানে। তবে ছেড়ে কথা বলেনি আয়ারল্যান্ডও। তৃতীয় ইনিংসে ভালোই ভুগিয়েছে বাংলাদেশের বোলারদের। ম্যাচ শেষে সাকিব বললেন, ‘এটি ভালো ব্যাটিং উইকেট। তবে আদর্শ টেস্ট উইকেট নয়।’

সাকিব বলেন, ‘সাধারণত আমরা এই ধরনের উইকটে খেলি না। সর্বোচ্চ দিয়ে খেলার জন্য আয়ারল্যান্ডকে ক্রেডিট দিতেই হয়। তাইজুল সত্যিই খুব ভালো বল করেছে। দ্বিতীয় ইনিংসে পেসাররাও ভালো করেছে।… আমি বলব না এটি আদর্শ টেস্ট উইকেট। তবে এটি ভালো ব্যাটিং উইকেট ছিল।’
ম্যাচটি পরীক্ষা নিরীক্ষার ছিল বলেও জানালেন সাকিব, ‘আমাদের বেশ কিছু বিষয়ে ভালো করার আছে। এই ম্যাচে বেশ কিছু বিষয় নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করার ছিল। তার মধ্যে কিছু কাজ করেছে, কিছু কাজ করেনি। আমরা ইতিবাচক ছিলাম এবং আমরা যেভাবে ব্যাট করতে চেয়েছিলাম উইকেটও তার জন্য উপযুক্ত ছিল। মানসিকতার বদল ঘটাতে চেয়েছিলাম আমরা।’
ম্যাচসেরা মুশফিকুর রহিম বলেছেন, ‘অনেক উপভোগ করেছি। দল জিতেছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। উইকেল ফ্ল্যাট ছিল এবং বোলারদের খুব বেশি কিছু করার ছিল না। আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করেছে। তাদের কৃতিত্ব দিতেই হয়।’
বাসাইলসংবাদ, ০৭ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




