
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (২১ জুন)। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের ভোটে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পৌরসভার ভোটারদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এদিকে, পৌর এলাকায় বহিরাগতদের আনাগোনা থাকায় ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী এনামুল করিম অটল। তার দাবি, বিষয়টি নিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা।
এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থিত গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু ও নারিকেল গাছ প্রতীকে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী এনামুল করিম অটল। মেয়র পদে তিন জন ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২৭ জন ও সংরক্ষিত ওয়ার্ডে রয়েছেন ১০ জন। মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ায় বিএনপি নেতা এনামুল করিম অটলকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এজন্য বিএনপির শীর্ষ পর্যায়ের কোনও নেতাকে প্রকাশ্যে তার পক্ষে কাজ করতে দেখা যায়নি। দলীয় সমর্থন না থাকায় তিনি কিছুটা বেকায়দায় রয়েছেন। তবে বিএনপির ভোট সঠিকভাবে প্রয়োগ হলে অবস্থান ভালো হতে পারে তার।
এদিকে, উপজেলা আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল থাকায় কিছুটা বিপাকে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিম আহমেদ। তার ভোটব্যাংক থাকায় গত নির্বাচনেও সুবিধা পেয়েছিলেন। তবে এবার ভোটব্যাংকের হিসেবে মেলাতে কঠিন হবে। ভোটব্যাংক আর দলীয় সমর্থন সঠিকভাবে কাজ দিলে সুবিধাজনক অবস্থানে থাকবেন তিনি।
অপরদিকে, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপুর দলীয় সমর্থন ও দলে কোন্দল না থাকায় বেশ ভালো অবস্থানে রয়েছেন। তাকে জয়ী করতে মাঠে নেমেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।
রাহাত হাসান টিপু এর আগেও নির্বাচনে অংশ নিয়েছিলেন। গত নির্বাচনের চেয়ে এবার তার অবস্থান বেশ শক্ত। সব মিলিয়ে এবারের নির্বাচনে ত্রিমুখী ভোটযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে।
নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রহিম আহমেদ বলেন, ‘নির্বাচনের পরিবেশ খুব সুন্দর। সাধারণ ভোটাররটা আমার পক্ষে রয়েছেন। ভোটাররা আমার কাজের মূল্যায়ন করবেন। আমার অসমাপ্ত কাজগুলোসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করার ভাবনা রয়েছে। বাসাইলকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করার চিন্তা রয়েছে। আমার বিশ্বাস, মানুষ আমাকে আরেকটিবার কাজ করার সুযোগ দেবেন।’
সাধারণ ভোটাররা আমার পক্ষে রয়েছেন দাবি করে গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু বলেন, ‘নির্বাচিত হতে পারলে মানুষ আমাকে সবসময় কাছে পাবেন। পৌর এলাকার বাসিন্দারা সঠিকভাবে তাদের সেবা পাবেন। উন্নয়নমূলক কাজসহ সবাই ন্যায্য অধিকার ফিরে পাবেন। বাসাইলকে উন্নত মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আমার বিশ্বাস, সাধারণ ভোটার ও সচেতন মহল আমাকে একটিবার কাজ করার সুযোগ দেবেন।’
ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী এনামুল করিম অটল বলেন, ‘গত নির্বাচনে আমাকে ফেল করানো হয়েছে। এবার নির্বাচন কমিশন বলছে, ভোট সুষ্ঠুভাবে হবে। আমি ক্ষতিগ্রস্ত মানুষ। আমার বিশ্বাস, ভোটাররা এবার আমাকে সুযোগ দেবেন। বাসাইল পৌরসভাকে নতুন করে সাজানোর পরিকল্পনা রয়েছে। বহিরাগতদের আনাগোনা দেখে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া নিয়ে শঙ্কা রয়েছে আমার।’
তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় বলেন, ‘আশা করছি, বিগত বছরের মতো এবারও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’
প্রসঙ্গত, এই পৌরসভায় ভোটার সংখ্যা ১৮ হাজার ৪৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৯ হাজার ৫৩০ জন। ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটকক্ষের সংখ্যা ৫৩টি। ২১ জুন ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ, ২১ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




