
নিজস্ব প্রতিবেদক : মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে পাঁচ দিনব্যাপী পদযাত্রা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। সখীপুর থেকে গাজীপুর হয়ে ময়মনসিংহের পথে এই পদযাত্রায় অংশ নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিক। কর্মসূচিটি আয়োজন করছেন হোসাইন মোহাম্মদ মাসুম।

পদযাত্রার মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে ডায়াবেটিস প্রতিরোধ, খালি পায়ে হাঁটার তাৎপর্য এবং সুস্থ জীবনযাপনে শরীর ও স্বাস্থ্য গঠনের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। পাশাপাশি নিয়মিত হাঁটা, শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে।
আয়োজকদের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি করা এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস চর্চায় উৎসাহিত করা। পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
পাঁচ দিনব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচির শেষ পর্যায়ে দুই থেকে তিনজন চিকিৎসক যুক্ত হওয়ার কথা রয়েছে। তাঁরা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজকেরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং সুস্থ জীবনযাপনে নিয়মিত হাঁটা ও শরীরচর্চার প্রতি আগ্রহ তৈরি হবে।
বাসাইলসংবাদ, ১৮ অক্টোবর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




