
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে কচুক্ষেত থেকে শান্তা নামের ১০ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শান্তার পরিবারের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার চৌধুরী মালঞ্চ মিরপুর মধ্যপাড়া গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। শান্তা ওই গ্রামের সাদেক আলীর মেয়ে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

নিহত শান্তার বাবা সাদেক আলী বলেন, ‘দুপুরের পর থেকে শান্তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যার দিকে বাড়ির অদূরে কচুক্ষেতে শান্তার মৃতদেহ পাওয়া যায়। তার অভিযোগ শান্তাকে ধর্ষণের পর হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।’ এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘নিহত শিশুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এঘটনায় দুইজনকে প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আনা হয়েছে।’
বাসাইলসংবাদ/ ১০ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




