
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক বন্ধু। রবিবার (৪ জুন) দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির আলম (১৮) ও একই এলাকার রমজান আলীর ছেলে মো. হাবিব (১৭)। এসময় সাদিক নামের আরেকজন আহত হন। তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে সজোড়ে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাব্বির ও হাবিব নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সাদিক নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাসাইলসংবাদ, ০৪ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




