
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নানার বাড়িতে বেড়াতে এসে জিজান হাসান দীপ্ত (১৮) নামের এক মেধাবী শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বাসাইল ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাসাইল ডিগ্রী কলেজের সামনে বাসাইল-সখীপুর সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় হামলার ঘটনার মূলহোতা কিশোর গ্যাংয়ের প্রধান টিকটক শাকিলসহ সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা। সড়ক অবরোধের এক পর্যায়ে বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ^াস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে। এরআগে ৯দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি) ঢাকার একটি হাসপাতালে জিজান হাসান দীপ্ত’র মৃত্যু হয়।

মানববন্ধনে বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, জিজান হাসান দীপ্ত গত ২৪ জানুয়ারি বাসাইল দক্ষিণপাড়া এলাকায় তার নানা রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে এসে বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়। পরে ৯দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে দীপ্ত ঢাকার একটি হাসপাতালে ২ ফেব্রুয়ারি মারা যায়। দীপ্ত সখীপুর উপজেলার চাকদহ গ্রামের জাহাঙ্গীর আলম মল্লিকের ছেলে। দীপ্ত ঢাকায় বিজিবি পিলখানায় অবস্থিত বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। দীপ্ত মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল। হামলার ঘটনায় দীপ্তর মা সোহেলী সুলতানা দিপা বাদি হয়ে গত ২৭ জানুয়ারি বাসাইল থানায় কিশোর গ্যাংয়ের মূলহোতা শাকিল আহাম্মেদকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনার মূলহোতা শাকিলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্যমতে বাসাইল বাস্টস্ট্যান্ড এলাকায় হাজী রবিউল্লাহ মার্কেটের নিচতলার একটি কক্ষ থেকে পুলিশ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
বাসাইলসংবাদ, ০৫ ফেব্রুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




