
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে বদলি করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বদলি সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত স্মারক নং ৫৮৩০/১(৫০)/(আরওআই) আদেশে বলা হয়েছে, জনস্বার্থে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এবং সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমকে পুলিশ লাইন (লাইনওআর) এ সংযুক্ত করা হয়েছে। একই আদেশে পুলিশ লাইনে সংযুক্ত থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মোহাম্মদ মাজহারুল আমিনকে বাসাইল থানায় এবং কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ শাহিনুর রহমানকে সখীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, সখীপুরে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা ও মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হওয়ায় সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। গত সোমবার সখীপুর-ঢাকা সড়কের প্রতীমাবংকী গ্রামের শোলাপ্রতীমা বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়াও উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা চেয়ারম্যানসহ ১০টি ইউনিয়নের চেয়ারম্যান এবং কমিটির সদস্যবৃন্দ ওসি রেজাউল করিমকে প্রত্যাহারের দাবি জানান।
অপরদিকে, আদেশ জারির পর থেকে বাসাইল উপজেলাবাসী নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার অপেক্ষায় রয়েছেন। তারা এই নতুন ওসির কাছে ঘুষ ও দুর্নীতিমুক্ত থানা গড়ার দাবি জানিয়েছেন। তারা খুব সহজে থানার সেবা পেতে ওসির সহযোগিতা কামনা করেন।
বাসাইলসংবাদ, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




