
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে আঁখি আক্তার নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে মির্জাপুর-পাথরঘাটা আঞ্চলিক সড়কের ত্রিমোহন নামকস্থানে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের বংশাই নদীতে পড়ে তার মৃত্যু হয়। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু এতথ্যটি নিশ্চিত করেছেন।

আঁখি আক্তার উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের আব্দুল মিয়ার মেয়ে। সে বাঁশতৈল খলিলুর রহমান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, আঁখি দুপুরে পরীক্ষা শেষে সিএনজিচালিত একটি অটোরিকশা যোগে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন। এসময় ত্রিমোহন নামকস্থানে পৌঁছালে চালক সামনে থাকা একটি রিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে উল্টে বংশাই নদীতে পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন চালক ফরহাদ মিয়া, আঁখির মা ফরিদা ইয়াসমিন ও অটোরিকশাটি উদ্ধার করলেও আঁখি আক্তার নিখোঁজ হয়। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে দুপুর দুইটার দিকে আঁখির মৃতদেহ উদ্ধার করে।
বাসাইলসংবাদ/ ২৪ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




