
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী পাহাড় কাঞ্চনপুর ঘাঁটির উদ্যোগে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নলুয়া পাহাড় কাঞ্চনপুর ঘাঁটির বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ মাঠে

সামাজিক দূরত্ব বজায় রেখে ১২০জন এতিম শিশুর হাতে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি, পায়জামা ও টুপি তুলে দেওয়া হয়। এছাড়াও উপজেলার নলুয়া মোল্লাপাড়া হাফিজিয়া মাদরাসা, গড় গোবিন্দপুর পূর্বপাড়া হাফিজিয়া মাদরাসা, কচুয়া হযরত যায়েদ বিন সাবেত (রা:) মাদরাসা ও হাতীবান্ধা মাওলানা পাড়া শিশু পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, গুড়ো দুধ, পেঁয়াজ, চিনি, লবণ ও সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী পাহাড় কাঞ্চনপুর ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর মঞ্জুর কবীর ভূঁইয়া (BUP, ndc, nswc, afwc, psc), বিএএফ শাহীন কলেজের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন জিএম জাহাঙ্গীর আলম, গ্রুপ ক্যাপ্টেন মো. তৌহিদুল ইসলাম অধিনায়ক রক্ষণাবেক্ষণ শাখা, উইং কমান্ডার আব্দুল মোমেন অধিনায়ক পরিচালন শাখা, স্কোয়াড্রন লীডার দেলোয়ার হোছাইন অধিনায়ক প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিট। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এরআগে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় ১হাজার ৬টি পরিবারের মাঝে বিভিন্ন সময় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
…বাসাইলসংবাদ/ ১৯ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




