
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৬ জন; যা গতকালের তুলনায় ৮৬ জন কম। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন এক হাজার ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর বিষয়টি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৬ হাজার ৩৮২টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৮৬৭টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৭০৬ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১২ হাজার ৪২৫ জন। সুস্থ হয়েছে ১৩০ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৯১০ জন।’
এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৭৯০ জন, মৃত্যু হয় ৩ জনের। গতকাল নমুনা সংগ্রহ হয়েছে ৬ হাজার ৭৭১টি এবং নমুনা পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৪১টি। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৭৮৬ জন, মারা যায় ১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
…বাসাইলসংবাদ/ ০৭ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




