
নিউজ ডেস্ক : বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের সঙ্গে নারী অফিস সহকারীর আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য ও মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাইফুল ইসলাম।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে ওই তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মুশফিকুর রহমান। পরে যাচাই–বাছাই শেষে গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে তদন্তে কী পাওয়া গেছে বা কোনো সুপারিশ করা হয়েছে কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাইফুল ইসলাম।
গত ২২ আগস্ট খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট কর হয়। এরপর সেটি ভাইরাল হয়ে যায়। পরে ওই ঘটনার আরও কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ওই ভিডিওতে দেখা যাওয়া পুরুষটিকে অনেকেই উল্লেখিত ডিসি বলে চিহ্নিত করেন। যে কক্ষটি দেখা গেছে ভিডিওটিতে, সেটিকে ডিসির কার্যালয় সংলগ্ন খাস কামরা বলে চিহ্নিত করা হয়। ভিডিওর শেষ পর্যায়ে খাস কামরার বিছানায় দুজনকে শুয়েও থাকতে দেখা যায়। এ সময় ভিডিওতে থাকা পুরুষটি সম্পূর্ণ নগ্ন ছিলেন। ওই ঘটনায় জামালপুরসহ সারা দেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তের ভিত্তিতে গত ২৫ আগস্ট আহমেদ কবীরকে ওএসডি করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই দিনই মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সূত্র- দৈনিক আমাদের সময়




