
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে করোনার প্রভাবে শ্রমিক ও অর্থ সংকটে পাকা ধান কাটতে না পেরে ফেসবুকে স্ট্যাটাস দেন ফরমান শেখ নামের স্থানীয় এক সাংবাদিক। পরে সেই স্ট্যাটাসে সারা দিয়ে মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া গ্রামের ওই সাংবাদিকের ৪৫ শতাংশ জমির ধান কেটে দেন ভূঞাপুর প্রেসক্লাবের সদস্যরা।

ধান কাটায় অংশগ্রহণ করেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সম্পাদক আখতার হোসেন খান, সাংবাদিক আসাদুল খান, তৌফিকুর রহমান, নাসির উদ্দিনসহ অন্যরা।
এবিষয়ে স্থানীয় সংবাদিক ফরমান শেখ বলেন, ‘আমাদের জমিতে ব্রি-২৮ ধান পেকে গেলেও শ্রমিক সংকট ও অর্থাভাবে ঘরে তুলতে পারছিলাম না। এজন্য ২ মে রাতে ফেসবুকে একটি স্ট্যাটার্স দেই। এতে অন্যরা সারা না দিলেও আজ মঙ্গলবার সকাল থেকে সাংবাদিকরা ধান কেটে দেন। এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য আমি সহকর্মীদের কাছে চিরকৃতজ্ঞ।’
ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক বলেন, ‘যেহেতু আমাদের সহকর্মী ফেসবুকে পোষ্ট দিয়েও ধান কাটার জন্য সহযোগীতা পাচ্ছিলেন না। তাই তাদের দুঃসময়ে ধান কেটে দিয়েছি। অন্য সহকর্মীরা চাইলেও তাদের একইভাবে সহযোগীতা করা হবে।’
…বাসাইলসংবাদ/ ০৫ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




