
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর করা যৌতুক ও নির্যাতন মামলায় মিজানুর রহমান নামের এক স্কুলশিক্ষক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলায় ৩ঘণ্টায় অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করে বুধবার (৯ জুন) দুপুরে আদালতে জমা দিয়েছে পুলিশ। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে সাইদুল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মিজানুর রহমান উপজেলার লাংগুলিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। মিজানুর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হোসেনপুর গ্রামের আবদুল মজিদের ছেলে। বুধবার সকালে মামলার পরপরই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৫ নভেম্বর মিজানুর রহমানের সঙ্গে উপজেলার দাড়িয়াপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মেয়ে রুমি আক্তরের বিয়ে হয়। বিয়ের সময় রুমির বাবা চার ভরি স্বর্ণালংকার দেন। বিয়ের পরের বছর মিজানুর একটি মোটরসাইকেল দাবি করেন। জামাতাকে দেড় লাখ টাকার একটি মোটরসাইকেলও কিনে দেন রুমির বাবা। ২০১৭ সালে রুমির গর্ভে কন্যা সন্তান আসে। অস্ত্রোপচারের জন্য শ্বশুরের কাছ থেকে ২০ হাজার টাকা নেন মিজানুর। দুই বছর আগে চাকরিতে সমস্যার কথা বলে শ্বশুরের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা আদায় করেন তিনি। চার মাস ধরে আরও দুই লাখ টাকা দাবি করে স্ত্রী রুমিকে নির্যাতন করে আসছিলেন মিজানুর।
বেশ কিছুদিন আগে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিষয়টি নিয়ে বসা হয়। সেখানে মিজানুর তার স্ত্রীকে নিয়ে ঘর করার সম্মুতি দেয়। কিন্তু তারপরও মিজানুর তার স্ত্রীকে তালাক দেন। তালাকের খবর পেয়ে মঙ্গলবার (৮ জুন) সকালে রুমি আক্তার বাদী হয়ে স্বামীকে একমাত্র আসামি করে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে সখীপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত মিজানুরকে গ্রেফতার করে। পরে তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি এ কে সাইদুল হক বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুক্তিযোদ্ধার মেয়ে মামলাটি দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্ত স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়। পরে ৩ ঘণ্টায় অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘একটি মামলার অভিযোগপত্র গঠন করতে সাধারনত দুই থেকে তিন মাস সময় লাগে। এই প্রথম আমরা অল্প সময়ের মধ্যে চার্জশিট দিতে পেরেছি। সংশ্লিষ্টদের সহযোগিতায় এ কাজটি করা সম্ভব হয়েছে।’
বাসাইলসংবাদ/ ১০ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




