
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে আরও ৫জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এই তথ্য নিশ্চিত করেন।

এনিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া নমুনা অনুসারে মোট করোনা পজিটিভের সংখ্যা ৪০ জন। এরমধ্যে ৩ জন অন্য উপজেলার বাসিন্দা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনাভাইরাসে নতুন করে যে ৫জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩জনের বাড়িই উপজেলার গোড়াই ইউনিয়নে। অপর দুইজনের মধ্যে একজন পৌর শহরের বাইমহাটী এলাকার ও অপরজন ভাওড়া ইউনিয়নের আমরাইল তেলিপাড়া এলাকার বাসিন্দা।
নতুন করে যে ৫জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের গত ২৯ ও ৩১ মে নমুনা নেওয়া হয়েছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, নমুনা দেওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই নমুনা প্রদানকারীরা স্বাভাবিক জীবন যাপন করে থাকেন। স্বাস্থ্যবিধি পালনে তেমন গুরুত্ব দেন না তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাকসুদা খানম বলেন, নমুনা নেওয়ার প্রত্যেককেই নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয় কিন্তু দুঃখজনক তারা সেটি মানতে চান না।
এদিকে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তদের বাড়িসহ মোট ১৫টির মত বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন।
…বাসাইলসংবাদ/ ০৫ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




