
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ জামে মসজিদের প্রথম কাতারে বসবেন অফিসাররা, অন্য কেউ বসতে পারবেন না। এ সংক্রান্ত একটি জরুরি নোটিশ লাগানোর ঘটনায় শনিবার (৪ জুলাই) অনলাইন নিউজ পোর্টাল বাসাইলসংবাদে একটি সংবাদ প্রকাশ হয়। পরে রবিবার (৫ জুলাই) দুপুরে মসজিদ কমিটির জরুরি সভায় কমিটির সাধারণ সম্পাদক উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না এ তথ্যটি নিশ্চিত করেছেন।

মসজিদ কমিটির সভাপতি ইউএনও শামছুন নাহার স্বপ্না বলেন, ‘কাউকে না জানিয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নোটিশটি দিয়েছিলেন। পরে জানতে পেরে সেটি উঠিয়ে ফেলা হয়। এঘটনায় জরুরি সভা ডেকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আল আমিনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আল আমিনকে পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। আর মসজিদের ইমামকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে এধরণের কোনও ঘটনা ঘটলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, বাসাইল উপজেলা পরিষদ জামে মসজিদের প্রথম কাতারে বসবেন অফিসাররা, অন্য কেউ বসতে পারবেন না। সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি নোটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মসজিদে প্রবেশের দরজাসহ মসজিদের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয় মসজিদ কমিটি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় সমালোচনা সৃষ্টি হলে নোটিশ তুলে নেওয়া হয়।
…বাসাইলসংবাদ/ ০৫ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




