
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী গোলাপ হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদেউ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের নাম শেফালী বেগম (৪৫)। তিনি ওই গ্রামের গোলাপ হোসেনের দ্বিতীয় স্ত্রী। এঘটনায় স্বামী গোলাপ হোসেন, প্রথম স্ত্রী হাসিনা বেগমসহ পরিবারের একাধিক সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদেউ গ্রামের বাসিন্দা গোলাপ হোসেন দুই স্ত্রী নিয়ে ঘর সংসার করে আসছিলেন। পারিবারিক কলহের জের ধরে গত এক সপ্তাহ আগে প্রথম স্ত্রী হাসিনাকে তালাক দেন গোপাল হোসেন। পরে স্থানীয় লোকজন শালিসী বৈঠকে সিদ্ধান্ত নেন প্রথম স্ত্রীর সকল পাওনা পরিশোধ করার। এক পর্যায়ে প্রথম স্ত্রী একটি ঘর বিক্রির সিদ্ধান্ত নেন। ঘরটি পাঁচ হাজার টাকা দাম ধরে দ্বিতীয় স্ত্রী শেফালী বেগম রেখে দিতে চাইলেও তাতে দ্বিমত পোষণ করেন প্রথম স্ত্রী। এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় তাদের দুই সতীনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে প্রথম স্ত্রী ও তার সন্তান বাড়ি থেকে চলে গিয়ে এক প্রতিবেশির বাড়িতে রাত কাটায়। মঙ্গলবার সকালে প্রথম স্ত্রীর সন্তান তার বাবাকে বাড়িতে ডাকতে গেলে দ্বিতীয় স্ত্রী শেফালীর রক্তাক্ত লাশ দেখতে পায়। এসময় লাশের পাশেই স্বামী গোলাপ হোসেন বসা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান বলেন, ‘খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় মৃতের লাশ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এসময় মৃতের স্বামী, সতীনসহ তার একাধিক স্বজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
বাসাইলসংবাদ/ ২৮ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




