
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে ঘনঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুত বন্ধ থাকায় অতিষ্ঠ হয়ে বিক্ষোভ মিছিল করে পল্লী বিদ্যুত অফিস ঘেরাও ও ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। সোমবার (৪ এপ্রিল) দুপুরে পল্লী বিদ্যুত সমিতি-১ এর মধুপুর জোনাল অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মধুপুর শহরে দীর্ঘ সময় বিদ্যুত বন্ধ ছিল। বিদ্যুত না থাকায় মধুপুর কলেজে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মধুপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও করে ভাঙচুর চালায়। এতে যোগ দেয় অনলাইন সংগঠন মধুপুরবাসী ফেসবুক গ্রæপের সদস্যরাও।
শিক্ষার্থীরা জানায়, রোজার শুরুতেই বিদ্যুতের ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। এছাড়া পরীক্ষার হলে বিদ্যুত না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এজন্য পল্লী বিদ্যুত অফিস ঘেরাও করা হয়।
পল্লী বিদ্যুত সমিতির মধুপুর জোনাল অফিসের ডিজিএম আবু মোহাম্মদ ইয়াহিয়া জানান, মধুপুর পল্লী বিদ্যুত সমিতির অধীন ২২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। সেখানে বিদ্যুত পাচ্ছি ৭/৮ মেগাওয়াট। ফলে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। প্রায় দুই মাস যাবৎ এই সমস্যা হচ্ছে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা গিয়ে অফিস ভাঙচুর করেছে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন জানান, জামালপুর গ্রিডের সমস্যার কারণে মধুপুরে প্রয়োজনের তুলনায় কম বিদ্যুত সরবরাহ করা হচ্ছে বলে জেনেছি। পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংকট নিরসনে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা পল্লী বিদ্যুত অফিস ঘেরাও করেছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।
বাসাইলসংবাদ/ ০৪ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




