
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে চলন্ত বাসে জিম্মি করে ডাকাতি ও সংঘবদ্ধভাবে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত মূলপরিকল্পনাকারী মাহমুদুল হাসান মুন্না ওরফে রতন হোসেনসহ আরও দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক নওরিন করিমের আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) রতনসহ ৬জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নেয় জেলা গোয়েন্দা পুলিশ। এরমধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, ‘আজ রিমান্ডে থাকা চারজনকে আদালতে তোলা হয়। এরমধ্যে ঘটনার মূলপরিকল্পনাকারী মাহমুদুল হাসান মুন্না ওরফে রতন হোসেন ও আব্দুল মান্নান আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তবে হাসমত আলী ওরফে দীপু ও জীবন প্রামাণিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। পরে চারজনকেই কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হেলাল উদ্দিন জানান, ‘এ মামলায় মোট ১৩জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে ১১জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিরা সবাই টাঙ্গাইল জেলা কারাগারে রয়েছে।
স্বীকারোক্তি দেওয়া আসামিরা হলেন- মাহমুদুল হাসান মুন্না ওরফে রতন হোসেন, রাজা মিয়া, আউয়াল, নুরনবী, আব্দুল মান্নান, সোহাগ মন্ডল, বাবু হোসেন জুলহাস, আসলাম তালুকদার ওরফে রায়হান, রাসেল তালুকদার, আলাউদ্দিন ও নাঈম সরকার। এছাড়াও জীবন প্রামাণিক ও হাসমত আলী ওরফে দীপু আদালতে স্বাকীরোক্তিমূলক জবানবন্দি দেয়নি।
প্রসঙ্গত, ঈগল এক্সপ্রেসের বাসটি মঙ্গলবার (২ আগস্ট) রাত ৮টার দিকে ছাড়ে কুষ্টিয়া থেকে। গস্তব্য ছিল নারায়ণগঞ্জ। রাত সাড়ে ১১টার দিকে পৌঁছে সিরাজগঞ্জের একটি হোটেলে। মহাসড়কের পাশের এই হোটেলে যাত্রীরা খাওয়া-দাওয়া করেন। যাত্রাবিরতি শেষে রাত ১২টার দিকে গন্তব্যের দিকে রওনা দেয় বাসটি। এরপরই সিরাজগঞ্জ জেলার মধ্যেই তিন ধাপে ১৩ জন বাসটিতে ওঠে। তখনও বাসে থাকা যাত্রীরা আঁচ পারেননি আগামী কয়েকঘণ্টায় কী ঘটতে যাচ্ছে। এরপরই শুরু হয় তিন ধাপে বাসে ওঠা ১৩ ডাকাতদের তাÐব। প্রথমে চালকের গলায় চুরি ঠেকিয়ে বেঁধে ফেলে চালক, হেলপার ও সুপারভাইজারকে। এরপর যাত্রীদের বেঁধে বাসটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে লুট করে মালামাল। লুটপাট শেষে এক নারী যাত্রীকে ধর্ষণ করে। বাসটিতে প্রায় আড়াই ঘণ্টা তাÐব চালিয়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় একটি বালুর স্তুপে বাসটি উল্টে গেলে ডাকাত দল পালিয়ে যায়। এঘটনায় মধুপুর থানায় ওই বাসের এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত ১০-১২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বাসাইলসংবাদ/ ১২ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




