
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে আলোচিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি স্কুলের ছাত্র শিহাব হত্যা মামলার আসামি চারজন শিক্ষকের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতে তারা আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মাসুদ পারভেজ। বাদিপক্ষের আইনজীবী রাসেল রানা আত্মসমর্পণ ও জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আত্মসর্মপণকারী শিক্ষকরা হলেন, মামলার ২ নম্বর আসামি বিপ্লব (৩০), ৩ নম্বর আসামি আশরাফ (৩০), ৪ নম্বর আসামি মাসুম (৪০) ও ৬ নম্বর আসামি বিজন (৪০)। তারা উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। পরে তারা আজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থণা করেন।
নিহত শিহাবের বাবা ইলিয়াস হোসেন বলেন, পুলিশ সৃষ্টির রিপনের কাছে বিক্রি হয়ে গেছে, তাই ১ নং আসামি বাদে অন্য আসামিদের গ্রেফতার করে নাই। আজ চারজন শিক্ষক আদালতে আত্মসমর্পণ করেছে।
প্রসঙ্গত, গত ২০ জুন টাঙ্গাইল শহরের সুপারি বাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবনের সাত তলা থেকে শিহাব মিয়া নামের এক পঞ্চম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার করা হয়। শুরু থেকেই শিশুটিকে হত্যার অভিযোগ তুলে আসছিল তার পরিবার। এঘটনায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর র্যাব সাতজন শিক্ষক ও পুলিশ দুইজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে র্যাব তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনও তথ্য না পাওয়ায় তাদের সাতজনকে ছেড়ে দেয়। পরে ২৭ জুন নিহত শিহাবের মা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছেন- সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক শিক্ষক আবু বক্কর, বিপ্লব, আশরাফ, মাসুদ, মতিন ও বিজন। ছয়জনের মধ্যে এ পর্যন্ত পাঁচজন আসামি গ্রেফতার হলো। আর এ মামলার আসামি মতিন পলাতক রয়েছে।
বাসাইলসংবাদ/ ১২ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




