
বাসাইলসংবাদ: সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে এক কলেজছাত্রীকে অপহরণের ১০ দিন পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ সেপ্টেম্বর) রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নাইকানীবাড়ি এলাকার ইকবাল আহমেদের ছেলে মেহেদী হাসান ইমন (১৯) ও একই এলাকার কোরপান আলীর ছেলে সাদ্দাম হোসেন সাজ্জাদ (২৬)।
পুলিশ ও কলেজছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মিরিকপুর গ্রামের সনাতন ধর্মের এক কলেজ পড়–য়া মেয়ে গত ৬ সেপ্টেম্বর সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এ সময় নাইকানীবাড়ি এলাকায় পৌঁছলে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। এঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেন। পরে রবিবার (১৬ সেপ্টেম্বর) সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত মেহেদী হাসান ইমন ও সাদ্দাম হোসেন সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একে




