
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর বিষপানে আত্মহত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের তেঁতুলতলা গর্জনাপাড় গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী একে অপরের পরকীয়ার সন্দেহে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানা গেছে। নিহত স্ত্রী সবুরা বেগম (৪৫) বেগম ওই গ্রামের মৃত. ইব্রাহিম মিয়ার মেয়ে।

রোববার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনায় নিহতের ভাই কায়ছার হামিদ বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন করেছেন।
সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার।
মামলার বাদী কায়ছার হামিদ জানান, আমার বোনজামাই আব্দুল লতিফ কাতার প্রবাসী। তিন মাস আগে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই মিথ্যা অপবাদে আমার বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন তিনি। ঝগড়ার সময় আমার বোনকে মেরে ফেলে বিদেশ চলে যাবার ভয় দেখাতেনও তিনি।
শনিবার দুপুরে আমার ভাগ্নে স্থানীয় মাদরাসা ছাত্র সাব্বির বাড়ি ফিরে দেখে, ঘরের একখাটে মুখে কসটেপ পেঁচানো অবস্থায় পরে আছে তাঁর মা আর অন্য খাটে তাঁর বাবাকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।
ভাগ্নে চিৎকার শুনে আমরা বাড়িতে গিয়ে আমার বোনের মুখে কসটেপ পেঁচানো লাশ দেখতে পাই আর অন্যখাটে বিষপান করা অবস্থায় বোনজামাইকে পাই। এ সময় আমার বোনজামাইকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সেখানেই আমার বোনজামাই আব্দুল লতিফ পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে এটি স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর বিষপানে স্বামী আত্মহত্যা করার চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী লতিফ পুলিশ হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাসাইলসংবাদ/ ২৬ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




