
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। এরমধ্যে তিনজনই তাদের জামানত হারিয়েছেন। এক লাখ চার হাজার ৫৯ ভোট পেয়ে এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।

এ নির্বাচনে কাস্টিং ভোটের সাড়ে ১২% এর কম ভোট পাওয়ায় পাঁচজনের মধ্যে তিন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার (হাতুড়ি) এক হাজার ৪৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু (মোটরগাড়ি-কার) দুই হাজার ৪৩৬ ও বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী (ডাব) প্রতীকে ৪৩৮ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, ‘রবিবার (১৬ জানুয়ারি) এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলায় তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন ভোটারের মধ্যে এক লাখ ২৪ হাজার ৭৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শতকরা ৩৬.৬৩ ভাগ ভোট কাস্ট হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কাস্টিং ভোটের সাড়ে ১২% এর কম পেলে তিনি জামানত হারান। সে হিসেবে তিনজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।’
এদিকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট গ্রহণের শেষ সময়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার (হাতুড়ি) ভোট বর্জন করেন। জাতীয় পার্টির প্রার্থীও ভোট কারচুপির অভিযোগ করেন।
প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর এ আসনের টানা চারবারের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা যান। এরপর ৩০ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বাসাইলসংবাদ/ ১৭ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




