
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত চার জামায়াতুল মুজাহিদীনি (জেএমবি) সদস্যের একজনকে যাবজ্জীবন ও তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী চৌধুরী এ সাজা প্রদান করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য আবু সাইদ বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগড়া কলোনীর জয়নাল আবেদীনের ছেলে। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা প্রদান করা হয়েছে।
অপরদিকে, টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী গ্রামের ছমেদ আলীর ছেলে জুয়েল মিয়া ও গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে মোসলেম উদ্দিনকে সাড়ে বছর করে এবং কালিহাতী উপজেলার বল্লা ভবাড়ী গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে আতাউর রহমান খানকে দুই বছরের কারাদ- দেয়া হয়।
টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের পিপি এস আকবর খান বলেন, ২০১৬ সালের ২৪ আগস্ট জেলার কালিহাতী উপজেলার বল্লা ভবাড়ী গ্রামের আতাউর রহমান খানের বাসা থেকে ডিবি পুলিশ জেএমবির সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করে। এ সময় ওই বাসা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। একই দিন কালিহাতী থনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে ডিবি পুলিশ। পরে গ্রেফতারকৃতদের উপস্থিতিতে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।




