
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব। এ সময় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে শহরের জেলা সদর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩ এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।

অপহৃত ব্যবসায়ী মশিউর রহমান খান মুরাদ (৩৫) টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার মৃত লুৎফুর রহমান খানেরর ছেলে।
আটককৃতরা হলেন, টাঙ্গাইল পৌর শহরের দেওলা এলাকার মজিদ খানের ছেলে ওয়াসীম খান (৪৫), মৃত. আব্দুস ছালামের ছেলে হাবিবুল কবির জনি (৪৮), শাহজাহান ফারুকের ছেলে মেহেদী হাসান শিশির (৩০) ও কোদালিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে জুয়েল (৩৫)।
র্যাব জানায়, সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে শহরের কোদালিয়া এলাকা থেকে অস্ত্রের মুখে একদল সন্ত্রাসী ব্যবসায়ী মশিউর রহমান খান মুরাদককে অপহরণ করে। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা দুই লাখ টাকা দাবি করেন। এঘটনায় মশিউর রহমানের বড় ভাই টাঙ্গাইল র্যাব অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তি ব্যবহার শুরু করে র্যাব। পরে মঙ্গলবার ভোরে টাঙ্গাইল কালেক্টরেট উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন জেলা সদর মাঠে অপহৃত ব্যবসায়ীকে নিয়ে অপহরণকারীরা অবস্থান করছে বলে নিশ্চিত হয় র্যাব। পরে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক ও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার অপহৃত ব্যবসায়ী বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বাসাইলসংবাদ/ ১৫ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




