
নিউজ ডেস্ক : চীন থেকে দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও দুই লাখ ডোজ টিকা। মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে টিকাবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে এই দুই লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও রেল মন্ত্রণালয়ের সাবেক সচিব ফিরোজ সালাউদ্দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করেন।
বিশেষজ্ঞরা বলছেন, দেশ থেকে করোনার প্রকোপ কমাতে গণহারে টিকাদান কার্যক্রম চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। দেশের সিংহভাগ টিকার যোগান দিচ্ছে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের এই টিকা। ধারণা করা হচ্ছে টিকাদান কর্মসূচি অব্যাহত থাকায় দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যুর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৪ জনে। একই সঙ্গে নতুন করে ২৭৬ জন আক্রান্ত হওয়ায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বাসাইলসংবাদ/ ২৬ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




