
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ৯ হাজার ৪৫৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৭ জনে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৬৩ জন।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ২১৪টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৩৬৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৬৬৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৫৫ জন।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২ জন। একজনের বয়স ১১- থেকে ২০ বছর বয়সের এবং ষাটোর্ধ্ব একজন। একজনের বাড়ি রংপুর, আরেকজন নারায়ণগঞ্জের।আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৭৭ জন।’
এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৫৫২ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৫৭১ জন, মারা যায় ২জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
…বাসাইলসংবাদ/ ০৩ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




