
নিউজ ডেস্ক : সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করছেন। এ নৌকা অত্যন্ত গর্বের, অহংকারের ও বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। এ নৌকা পেতে হলে প্রার্থীকে নৈতিক শক্তির অধিকারী, দলের আদর্শের প্রতি অনুগত, ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতা-কর্মী হতে হবে। দলে হঠাৎ করে এসেই কেউ মনোনয়ন পাবেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

রবিবার (৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, একজন প্রার্থীর জনপ্রিয়তা, তৃণমূলের সিদ্ধান্তসহ নানান দিক বিবেচনা করেই প্রার্থী মনোনয়ন করা হবে। তারপরও কেউ ব্যক্তিগত স্বার্থে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
মতবিনিময় সভায় ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ০৩ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




