
বাসাইলসংবাদ: রবিবার, ০৪ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়ে সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ বিএনপির সাত নেতাকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৪ নভেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীণ জামিন শেষে নির্দেশনা মতে তারা আজ আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু দলীয় নেতাদের গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছবুর রেজা, সখীপুর পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল তালুকদার, পৌর যুবদলের সভাপতি কামরুল সিকদার, যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন।
উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু বলেন, গত ৭ সেপ্টেম্বর নাশকাতার অভিযোগে সখীপুর থানা পুলিশ বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করে। পরে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। পরে রবিবার দুপুরে টাঙ্গাইলের আদালতে হাজিরা দিতে গেলে সাত নেতাকে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, এ মামলা ছাড়াও গত ২ নভেম্বর ১২জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরও ২৫জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় এ নেতাদের নামও রয়েছে। এ মামলায় ওই রাতেই পুলিশ পৌর ছাত্রদলের সভাপতি মোরশেদ আলম সুমন ও ছাত্রদলকর্মী রিপন আহমেদকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী বলেন, বিএনপির সাত নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি শুনেছি, তবে এখনও কোন কাগজপত্র পাইনি।’
বাসাইলসংবাদ/একে




