
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলার কামালিয়াচালা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফালু মিয়া (৬০)। তিনি উপজেলার কামালিয়াচালা মধ্যপাড়া এলাকার বাসিন্দা। এঘটনায় নিহতের বড় ভাই বাবর আলী (৬৫) ও ছেলে নাজিম (৩৮) সখীপুর থানায় উল্টো ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে গেলে রোকেয়া (২৭), রহিম (৪০) ও তাহেরা (৪০)সহ পাঁচজনকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, ক্রয়কৃত জমিতে কাটা তারের বেড়া দিয়ে ফালু ও তার ছোট ভাই টিপু বাড়ি নির্মাণ করে। সেই জমির কাটা তার ভেঙে বড় ভাই বাবর আলী ও তার ছেলে নাজিম ২০-২৫ জন নিয়ে সংঘবদ্ধ হয়ে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিতে গেলে তাদের দা ও শাবলের আঘাতে ছোট ভাই ফালু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় তিনি মারা যান। এ ঘটনায় ফালু মিয়ার স্ত্রী আজিবন (৫০), ছেলে রিপন মিয়া (২৮), প্রতিবেশি মুঙ্গল আলী (৫২) ও তার স্ত্রী হালিমা আক্তার (৩৮) আহত হয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পাঁচজনকে আটক করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ০৮ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




