
বাসাইলসংবাদ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস স্ট্যান্ডের অংশে ছিনতাইয়ের শিকার হয়েছেন ঢাকার এক কাঁচামাল ব্যবসায়ী। এ ঘটনায় ঢাকার নবাবপুরের ঐ কাঁচামাল ব্যবসায়ীর কাছ থেকে ৬০ হাজার টাকা, একটি মোবাইল সেট ও পিকআপ চালকের মানিব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারিরা। সোমবার (২৬ আগস্ট) রাত ৩ টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার কাঁচামাল ব্যবসায়ী আবুল হোসেন জানান, পিকআপযোগে ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুরে আনারস কেনার জন্য যাওয়ার পথে মির্জাপুর বাইপাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিকআপে একটি বিকট শব্দ হয়। পিকআপের চাকা ব্রাস্ট হয়েছে ভেবে গাড়ি থেকে নামতেই ৪ জন তরুন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় ও তার নাকে ও হাতে কুপ দিয়ে জখম করে। এসময় তার সঙ্গে থাকা ৬০ হাজার টাকা, মোবাইল ফোন ও পিকআপ চালকের মানিব্যাগ ছিনিয়ে নেয়।
অপরদিকে উপজেলার পৌর সদরের হাসপাতাল রোডে একটি হোটেল ও কনফেকশনারির দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকা চুরি যাওয়ার ঘটনাও ঘটেছে বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে। রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, হোটেলের পেছনের অংশে গরম হাওয়া বের হয়ে যাওয়ার জন্য একটি ফ্যান লাগানো ছিল। সেই ফ্যান খুলে কতিপয় চোর তার দোকানের ক্যাশে থাকা লক্ষাধিক টাকা ও কিছু মালামাল চুরি করে নিয়ে যায়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান জানান, চুরি ও ছিনতাইয়ের দুটি ঘটনায় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তারা চোর ও ছিনতাইকারি ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাসাইলসংবাদ/একেবি




