
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদীতে ফাইভ স্টার কিন্ডারগার্টেন স্কুল থেকে ৭ শিক্ষার্থী ২০২৫ সালের পরীক্ষায় প্রাথমিক বৃত্তি লাভ করেছে। সম্প্রতি সরকারিভাবে এ বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সমগ্র উপজেলায় বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে ফাইভ স্টার কিন্ডারগার্টেন স্কুল প্রথম স্থান অর্জন করেছে। এ কিন্ডারগার্টেনে ২জন ট্যালেন্টপুলে ও ৫জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- তানজিলা ইসরাত ও শারমিন ইসলাম সাথী ট্যালেন্টপুলে; সিফাত মিয়া, ফাতেমা আক্তার, মাহমুদুর হাসান সাজিদ, আমেনা আক্তার ও নূসরাত জাহান সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তারা বর্তমানে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে।
ফাইভ স্টার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আসাদুর রহমান রাহাত বলেন, ‘এ বছর আমাদের ১৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে আমাদের বিদ্যালয় থেকে ৭জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরআগেও ২০২২ সালে পরীক্ষায় ৬জনের মধ্যে ৬জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছিল। এ কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।’
জানা গেছে, ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় পুরো উপজেলা থেকে ২৮টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ২৮টি কিন্ডারগার্টেনের মধ্যে ৩টি কিন্ডারগার্টেন থেকে ১০জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বাকি দুইটি কিন্ডারগার্টেনের মধ্যে অগ্রনী কিন্ডারগার্টেন থেকে দুইজন ও রফিক-রাজু ক্যাডেট স্কুল (ক্যাম্পাস-২) থেকে একজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
এদিকে, উপজেলার ৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৪টি বিদ্যালয় থেকে ৭১জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে ২৯জন ও ৪২জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বাসাইলসংবাদ, ১৮ জুলাই, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




