
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম বাসাইল উপজেলাবাসী তাদের নিজ উপজেলা থেকে সংসদ সদস্য পেলেন।

বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ১৩ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল পেয়েছেন ৭৬ হাজার ৪৬৮ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৩ হাজার ৬২১ ভোট।
এরমধ্যে বাসাইল উপজেলায় আহমেদ আযম খান পেয়েছেন ৫২ হাজার ৭৩৪ ভোট; অধ্যাপক শফিকুল ইসলাম খান পেয়েছেন ২৩ হাজার ২০৫ ভোট ও সালাউদ্দিন আলমগীর রাসেল পেয়েছেন ১৯ হাজার ৭৩ ভোট। আর সখীপুরে আহমেদ আযম খান পেয়েছেন ৬০ হাজার ৪৮০ ভোট; সালাউদ্দিন আলমগীর রাসেল পেয়েছেন ৫৭ হাজার ৩৯৫ ভোট ও অধ্যাপক শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০ হাজার ৪১৬ ভোট।
আসনটিতে ১৩১টি কেন্দ্রে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আহমেদ আযম খান বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সখীপুর-বাসাইলের সামাজিক, রাজনৈতিক পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখবেন। এ ছাড়া দল মত ও বিরোধী পক্ষের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, বাসাইল-সখীপুর আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬ হাজার ৬২৩ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।
বাসাইলসংবাদ, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






