
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে এক পৌর-কাউন্সিলর নিজের এবং তার ছেলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শাহআলম ভেবল এই সাংবাদিক সম্মেলন করেন। এসময় জামিনে থাকা মামলার ১নং আসামি পৌর যুবলীগের সভাপতি রাফাত আলম শাওন, এসএম পারভেজ বুলবুল, আব্দুল হক মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে শাহআলম ভেবল তার লিখিত বক্তব্যে বলেন, তোফায়েল আহমেদ বেনু এবং তার ছেলেরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক মামলায় তাদেরকে ইতিপূর্বে বেশ কয়েকবার বাসাইল থানায় নেয়া হয়েছে। মুচলেকা দিয়ে তারা এখন বাইরে। মাদক বিক্রির টাকা নিয়ে এর আগে সে এবং তার ছেলে স্থানীয় কিছু ছেলেকে মারধর করে। এর জের ধরেই গত ৫ জুলাই রাতে ফুলকী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে তাদের ওপর হওয়া হামলার ঘটনায় দায়ের করা মামলায় আমাদেরকে চক্রান্তমূলকভাবে আসামি করা হয়েছে। মূলত এলাকায় এবং মাদকের বিভিন্ন ঘটনায় প্রতিবেশী এবং আত্মীয় হওয়ার সুবাদে একজন নিবার্চিত কাউন্সিলর হয়েও আমি কেন তাদেরকে সহযোগিতা করছি না?
তিনি আরও বলেন, আমি জনগণের কাউন্সিলর, কোনদিনই আমি মাদক কারবারীদের সাথে নেই। আমার ও আমার ছেলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বাসাইলসংবাদ/ ১৯ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




